শেরপুরে ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

শেরপুর পৌর শহরে ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এনামুল হক নামের এক বাড়ির মালিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটার পর রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে ওই গৃহবধূ ও তার স্বামী অভিযুক্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে অধিকাংশ সময় বাইরে থাকতেন। সেই সুযোগে এনামুল হক বিভিন্ন সময় গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর স্বামীর দাবি, বিষয়টি একাধিকবার অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। স্থানীয়ভাবেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে শনিবার দুপুরে এনামুল হক ঘরে প্রবেশ করে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর গৃহবধূ বিষয়টি স্বামী ও স্বজনদের জানালে সন্ধ্যায় স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করেন। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষোভকারীরা শেরপুর সদর থানার সামনেও অবস্থান নেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top