স্বামী বাসায় না থাকার সুযোগে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৮:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার সাভার এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম রানাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে শুক্রবার গভীর রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম রানা, মজিবর রহমান এবং ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সবাই ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ। প্রধান অভিযুক্তকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে জানা যায়, কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামীকে নিয়ে বসবাস করতেন ওই গৃহবধূ। অভিযুক্ত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে কয়েকজন পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে। এ সময় বাইরে কয়েকজন পাহারায় ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সাইফুল ইসলাম ও তার সহযোগী জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর চিৎকার শুনে বাইরে থাকা আরও কয়েকজন ঘরে ঢুকে পড়ে। এ সময় এক ব্যক্তি মোবাইলফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

পরদিন সকালে স্বামী বাসায় ফিরলে পুরো ঘটনা তাকে জানান ভুক্তভোগী। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় শনিবার সন্ধ্যায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়।

সাভার মডেল থানার তদন্ত পরিদর্শক নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top