কিশোরগঞ্জে সাংবাদিক ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:০৪ পিএম

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা। ছবি: সংগৃহীত

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এবং জাতীয় সাংবাদিক সংস্থা-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর এই হামলা করা হয়েছে বলে তারা দাবি করেন।

কিশোরগঞ্জ প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেলসহ আরও অনেকে সভায় বক্তব্য রাখেন। সভাটি সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখা-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ।

বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি জোর দাবি জানান তারা।



বিষয়:



Top