আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৩:২৬ পিএম
সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি। পৃথক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলাকাভেদে সাড়ে তিন ঘণ্টা থেকে সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
এর মধ্যে সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সৌর বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত আরজী নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার মধ্যে রয়েছে চকপ্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস, শাহী মসজিদ, পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইঁদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকা।
এছাড়াও আতাইকুলা ফিডারের আওতাধীন চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সময়ে কুজাইল বাজার, নগরব্রিজ, কাশিমপুর, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকাও বিদ্যুৎবিহীন থাকবে।
এদিকে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার আওতাধীন গ্রাহকদের ছয় ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে। নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:
