ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৩:০২ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা বেলাল হোসেন ওসমানী নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযুক্ত বেলাল হোসেন ওসমানী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি ফতুল্লার লামাপাড়া এলাকার মৃত ওসমান গণির ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে ওই শিক্ষিকা আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগ দেন। যোগদানের পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টার দিকে প্রধান শিক্ষক শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিক্ষিকা চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।

পরে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর আলম জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top