সিলিন্ডারে গাঁজা লুকিয়ে ঢাকামুখী চালান, উদ্ধার ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৫৭ এএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা এলাকায় মাদক পাচারে নতুন নতুন কৌশল ব্যবহার করছে কারবারিরা। তবে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের কারণে তাদের তৎপরতা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে কচাকাটা থানাধীন তালতলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক যুবককে আটক করা হয়। পরে তার জিম্মায় থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করে পুলিশ। প্রথমে সেটিকে সাধারণ সিলিন্ডার মনে হলেও সন্দেহ হওয়ায় বিশেষভাবে পরীক্ষা করা হয়। একপর্যায়ে সিলিন্ডার কেটে ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কচাকাটা থানার শোভার কুঠি এলাকার বাসিন্দা মো. সুজন মিয়া (২৩)কে আটক করা হয়েছে। তিনি মো. শামসুল হকের ছেলে।

পুলিশের দাবি, গাঁজার চালানটি ঢাকায় পাচারের উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়।

এদিকে একই দিনে কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকায় পৃথক আরেক অভিযানে নৌকাযোগে আসা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনায় বালারহাট এলাকার বাসিন্দা মো. মোন্নাফ (৩৬)কে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোন্নাফ পুলিশকে জানিয়েছেন, তিনি কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কথিত মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ভাষার পক্ষে নিয়মিত মাদক পরিবহনের কাজ করতেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন,
“মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করছে। কিন্তু পুলিশও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে, কোনো কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:



Top