যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, যশোর | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৩৭ এএম

ছবি: সংগৃহীত

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া হাইওয়ে তেল পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার চার বছর বয়সী ছেলে সৌভিক সাহা। চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন সৌভিকের মা বৃষ্টি সাহা (২৪), ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) এবং আনোর আলী (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে আঘাত করলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সৌভিক সাহার মৃত্যু হয়। আহতদের মধ্যে মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:



Top