৭ দিনের মধ্যে ফাঁসির প্রস্তাব
চট্টগ্রামে ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় কঠোর শাস্তির দাবি চসিক মেয়রের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:৩৬ পিএম
শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ধর্ষণচেষ্টার শিকার তিন শিশুকে দেখতে গিয়ে তিনি বলেন, এসব অপরাধের ক্ষেত্রে আইন সংশোধন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাত দিনের মধ্যে দোষীদের প্রকাশ্যে ফাঁসির মতো কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
মেয়র বলেন, তিন-চার বছরের শিশুদের চকলেটের লোভ দেখিয়ে অপহরণ ও নির্যাতনের ঘটনা সমাজের চরম নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছোট শিশুদের একা বাইরে পাঠানো থেকে বিরত থাকতে হবে।
চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য অনুযায়ী, গত ৮ বছরে চট্টগ্রামে ১২ বছরের নিচে অন্তত ৪২২টি শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে অনেক ঘটনা সামাজিক লজ্জার কারণে প্রকাশ পায় না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় মেয়র নগরে কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় ডে-কেয়ার সেন্টার স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি গার্মেন্টসসহ সব শিল্প প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপন বাধ্যতামূলক করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শ্রমজীবী মায়েরা যখন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তখন তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
এদিকে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্যাতনের শিকার তিন শিশু বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসার ব্যয় বহন করছে এবং মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সহায়তা দেওয়া হচ্ছে।
বিষয়:
