এক যুগ পর চট্টগ্রাম চেম্বারে ভোট, বর্জন এক প্যানেলের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:২৪ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর আবারও নির্বাচনী আমেজে ফিরেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার (২৩ মে) নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শুরুর আগেই কেন্দ্রের বাইরে ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেক ভোটার।

তবে ভোট শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেল। শুক্রবার নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্যানেল লিডার এস এম নুরুল হক নির্বাচনকে ‘প্রহসনের’ আখ্যা দিয়ে নানা অনিয়মের অভিযোগ তোলেন।

চেম্বার সূত্রে জানা গেছে, সংগঠনটির মোট ভোটার ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে সাধারণ সদস্য ৪ হাজার ১ জন এবং সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন। নির্বাচনের মাধ্যমে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হবেন।

সর্বশেষ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এরপর দীর্ঘ সময় ধরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠন করা হয়।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে। ১৭টি বুথে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

ইউনাইটেড বিজনেস ফোরামের নেতা আমিরুল হক বলেন, “দীর্ঘদিন পর ব্যবসায়ীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটারদের উপস্থিতিই প্রমাণ করে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান।”

প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস জানান, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।



বিষয়:



Top