প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালে কঠোর নিরাপত্তা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:২১ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। জাতীয় কবির একশ সাতাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ত্রিশাল কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে গেছে।
জানা গেছে, শনিবার দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে বেলা সাড়ে বারোটায় উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। সেখানে একটি সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, পরে তিনি দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এরপর নজরুল অডিটোরিয়ামে জেলা, মহানগর ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে ব্যানার, ফেস্টুন ও প্যানা টানানো হয়েছে। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে, অন্য পাশে বসেছে নজরুল মেলা।
স্থানীয়দের প্রত্যাশা, এই সফরে ত্রিশালবাসীর জন্য বিশেষ উন্নয়ন ঘোষণা আসতে পারে। তাদের দাবির মধ্যে রয়েছে নজরুল নগর বাস্তবায়ন, শিল্পাঞ্চল ঘোষণা, কারিগরি শিক্ষার প্রসারে নতুন প্রতিষ্ঠান স্থাপনসহ নানা উন্নয়ন প্রকল্প।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, অতীতে উন্নয়নমূলক উপহার দেওয়া হয়েছিল, এবারও বর্তমান প্রধানমন্ত্রী ত্রিশালবাসীর জন্য বিশেষ কিছু ঘোষণা দেবেন বলে তারা আশা করছেন।
তিন দিনব্যাপী এই উৎসবে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয়, জেলা ও স্থানীয় শিল্পীরা অংশ নিচ্ছেন বিভিন্ন পরিবেশনায়। প্রায় পাঁচ শতাধিক স্টল বসেছে মেলায়। পাশাপাশি রয়েছে নজরুল বইমেলা। কবি, সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ত্রিশাল।
এনএফ৭১/একে
বিষয়:
