লালমনিরহাট সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:৩৭ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (পঞ্চান্ন বিজিবি) এর অধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে সীমান্তের মেইন পিলার আটশো ছয় থেকে প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় তারা ভারতীয় কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারি দলকে দেখতে পায়।
পরে বিজিবি সদস্যরা তাদের থামতে সতর্ক সংকেত দিলে তারা তা অমান্য করে সামনে এগিয়ে আসার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের সতর্ক করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এতে শব্দ শুনে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
রংপুর ব্যাটালিয়ন (পঞ্চান্ন বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সতর্ক করে থাকে। নির্দেশ অমান্য করলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
