এক সপ্তাহে নদ-নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে ৩টি হত্যা মামলা এবং ১১টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত নদীপথে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা, ১১টি অপমৃত্যু মামলা, ৬৩টি মৎস্য আইনসংক্রান্ত মামলা, বেপরোয়া গতির জন্য ১৩টি মামলা, ১টি বালুমহাল সংক্রান্ত মামলা, ১টি মাদক সংক্রান্ত মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি অপহরণ মামলা, ১টি চাঁদাবাজি মামলা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা।
এ সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির পোনা এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয়েছে এবং ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
