আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

বুধবার (২০ মে) রাত আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জানা যায়, মাটি কাটার বিষয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে ওসমান গনির বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রথমে তাকে আড়াইহাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার–গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top