নরসিংদীতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে সাংবাদিকসহ শতাধিক দর্শকের মোবাইল চুরি
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:৫৩ পিএম
নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণস্থলে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের বিশেষ পাস দেওয়া হলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশপথে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এ সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যর্থতার অভিযোগও ওঠে।
জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা থাকলেও পাস ছাড়াই কয়েক হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে এবং দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। বিশৃঙ্খলার মধ্যে সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্তত সাতজন সাংবাদিকের দামি মোবাইল ফোন চুরি হয়। পরে অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে বহু আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান রিপন জানান, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় ব্যাপক হট্টগোল ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর তিনি নিজের মোবাইল ফোন খুঁজে পাননি। পরে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান। একই সময় আরও কয়েকজন সাংবাদিক ও দর্শক মোবাইল চুরির অভিযোগ করেন বলেও জানান তিনি।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, অনুষ্ঠান দেখতে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছিলেন। ভিড়ের সুযোগে কিছু চোরচক্রও প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:
