নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিতে স্তব্ধ গ্রাম

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:২৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসা-র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিহত রামিসা মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় রামিসার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামানোর পরপরই হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিষ্পাপ শিশুটিকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ বাড়িতে ভিড় জমান।

রামিসার জানাজা ও দাফনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। জানাজায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

শোকাহত বাবা হান্নান মোল্লা বলেন, “আমার নিষ্পাপ মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয়।”

এনএফ৭১/একে



বিষয়:



Top