কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:২৮ এএম
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার হাটস হরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে হরিপুর সেতু এলাকায় গড়াই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাকিবুল ও তাইফ নদীর স্রোতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া দুইশত পঞ্চাশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া দুইশত পঞ্চাশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাক্তার ইকবাল হাসান জানান, বিকেলের দিকে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরশেদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/একে
বিষয়:
