হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা, স্বজনদের মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:০৪ এএম

সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহত নবজাতকের স্বজনদের মারধর ও কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে কিছু মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনার সূত্রপাত হয়। পরে রাত দেড়টার দিকে মুচলেকা নিয়ে মরদেহসহ পরিবারটিকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হয়।

নবজাতকের মা পূজা রাণী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, সাত দিন আগে জন্ম নেওয়া তার সন্তান অসুস্থ হয়ে পড়লে গত ১৫ মে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি আইসিইউতে মারা যায়। পরিবারের দাবি, চিকিৎসা অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

পূজা রাণী বলেন, তার ভাই চিকিৎসকদের কাছে কৈফিয়ত চাইতে গেলে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী তাকে ও সঙ্গে থাকা আরেকজনকে ধরে নিয়ে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নবজাতকের মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ২০-২৫ জন শিক্ষার্থী দুই যুবকের ওপর চড়াও হন। তাদের মারধর করে হাসপাতালের নিচতলার একটি কক্ষে কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বলেও অভিযোগ ওঠে।

তবে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবি, রোগীর স্বজনরাই প্রথমে হামলা চালান। তাদের অভিযোগ, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং নারী শিক্ষার্থীদের সঙ্গেও অসদাচরণ করা হয়েছে।

এক শিক্ষার্থী বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কাউকে আটকে রাখা হয়নি, বরং পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার অলক কান্তি শর্মা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে উভয় পক্ষকে শান্ত করে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর বলেন, নবজাতকের মৃত্যু ও পরবর্তী ঘটনাগুলো তদন্ত করে দেখা হবে। চিকিৎসা অবহেলা কিংবা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা— উভয় ক্ষেত্রেই সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাম্প্রতিক সময়ে শেবাচিম হাসপাতালে শিশু মৃত্যুর একাধিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top