নাটোরে যাত্রীবাহী বাসে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০১:৫৬ এএম
নাটোরে মাদকবিরোধী অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া নারীর নাম মোছা. ডলি। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার বাসিন্দা এবং মৃত ছইবুর রহমানের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে এক নারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন। এ সময় উপ-পরিদর্শক আসাদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী ও জান্নাতুল নাঈম আল ফেরদৌসসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থল থেকেই হেরোইনসহ মোছা. ডলিকে গ্রেফতার করা হয়।
খন্দকার নাজিম উদ্দিন বলেন, মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের চেষ্টা করছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, নাটোরকে পথ হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের চেষ্টা চলছে। তবে নজরদারি ও অভিযান আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:
