পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা: প্রধান আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছর বয়সী শিশু রামিমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সবুজ মিয়া পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই সবুজ পলাতক ছিল। পরে গোপনে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজার এলাকায় রামিম নামে এক শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে যায় সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। সেখানে হাওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথ ও মুখে বাতাস ঢুকানো হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রামিমের বাবা রিপন মিয়া বাদী হয়ে পলাশ থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:



Top