আহত ৩ নার্স, আতঙ্কে রোগী-স্বজনদের ছুটাছুটি
খুমেকে ভয়াবহ আগুন, বন্ধ সকল অপারেশন
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:২৫ পিএম
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার (ওটি) বিভাগে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুইজন নার্স ও একজন চিকিৎসক আহত হয়েছেন। আগুনের তীব্রতা থেকে বাঁচতে তারা জানালা দিয়ে লাফ দেন বলে জানা গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ইমার্জেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট-অপারেটিভ রুম অথবা স্টোররুমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে আগুন এসির আউটডোর ইউনিট এবং অক্সিজেন আউটডোরে ছড়িয়ে পড়ে। অক্সিজেন লাইনের মুখে আগুন লাগায় বিস্ফোরণের মতো শব্দ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে যায়।
তিনি আরও জানান, ওটি বিভাগে থাকা ১৫টি বেডে রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীর স্বজন আতঙ্কে রোগীদের খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে স্থানান্তর করে নিয়ে যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, “আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের কারণে হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ কারণে আপাতত সব ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
বিষয়:
