খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ৫ জন আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
এ ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এবং অনেক রোগীকে দ্রুত নিচে সরিয়ে নেওয়া হয়। আইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের রোগীদেরও নিরাপদে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভবনের স্টোররুমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে কিছু গেটে তালা থাকায় উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয়। পরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
