হবিগঞ্জ কেন্দ্রিক ভূকম্পনে আতঙ্ক, ক্ষয়ক্ষতি নেই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:২৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের ফলে দেশের বিভিন্ন এলাকা এবং সীমান্তবর্তী ভারতের কিছু অঞ্চল কেঁপে ওঠে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৩.৩।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জ জেলার গজনাইপুর এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ১৪৬ কিলোমিটার।

স্থানীয় সূত্র ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই মৃদু কম্পনটি বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর ও ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় অনুভূত হয়। এছাড়া সীমান্ত পেরিয়ে ভারত–এর ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও কম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩.৩ মাত্রার এই ভূমিকম্পটি মৃদু শ্রেণিভুক্ত। এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



বিষয়:



Top