গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:৫৯ এএম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আনসার-ভিডিপি বাহিনীর ৬৭০ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন সংকটে বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দায়িত্বশীল ভূমিকার জন্য বাহিনীর সব সদস্যকে তিনি অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। এ যাত্রায় আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাহিনীটি গ্রাম ও শহরে নিরাপদ সমাজব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আনসার-ভিডিপি সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনসহ নানা কার্যক্রমে আনসার-ভিডিপির বিশাল নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া শিল্প-কারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দেশের ৬০ লাখ সদস্যের এই বাহিনী বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখবে।
বিষয়:
