বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইসলাম স্বাধীন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:২৪ পিএম
দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া।
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। নিয়োগের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের জারি করা সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান পৌরসভার পাশাপাশি সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে মোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে গঠন করা হয়েছে নতুন এই সিটি করপোরেশন। এর অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ী।
দায়িত্ব গ্রহণের পর ইসলাম স্বাধীন বলেন, তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বগুড়া সিটি করপোরেশনকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চান।
বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের ঘটনায় শহরজুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তবে নবগঠিত এই সিটি করপোরেশনকে পূর্ণাঙ্গ কাঠামোয় দাঁড় করানো, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণই হবে প্রশাসনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এনএফ৭১/একে
বিষয়:
