সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব দিল বিজিবি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে গুলি ছোড়া হলে বিজিবি সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি দায়িত্বশীল ও দৃঢ় অবস্থানে আছে।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top