বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নেওয়া হয়েছে হাত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৫:২৭ পিএম
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে মিন্টু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের ডান হাত কেটে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
নিহত মিন্টু শেখ ওই গ্রামের ওহেদ শেখের ছেলে। তিনি ওই এলাকার হোগলাপাশা ইউনিয়নের বিএনপির একজন কর্মী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অতর্কিতে আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিন্টু শেখ হোগলাপাশা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির একজন সদস্য ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি আরও জানান, কয়েক বছর আগে নিহতের চাচাতো ভাইকেও একইভাবে হত্যা করা হয়েছিল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে এটি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
