কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:১২ এএম
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।
সোমবার (১৮ মে) বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণবিষয়ক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
সিসিক প্রশাসক আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া নির্ধারিত সময়ে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ সম্ভব নয়। তাই সবাইকে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে বর্জ্য জমা রাখার আহ্বান জানান তিনি।
কাজে গতিশীলতা আনতে বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, যেসব ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেসব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের পুরস্কৃত করা হবে।
সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, অতীতের মতো এবারও দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন প্রস্তুত রয়েছে। মাঠপর্যায়ের সবাই আন্তরিকভাবে কাজ করলে নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফলতা অর্জন সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একলিম আবদীন জানান, এবারও বিকাল ৫টার মধ্যে নগরীর মূল সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ কাজে ৫৫টি অতিরিক্ত ট্রাক, প্রায় এক হাজার শ্রমিক এবং ২০০ অতিরিক্ত কর্মী নিয়োজিত থাকবেন।
তিনি আরও জানান, কোরবানিদাতাদের জন্য বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ, মাইকিং, লিফলেট বিতরণ এবং জুমার খুতবায় সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।
বিষয়:
