সুন্দরবনে বন বিভাগের গুলিতে জেলে নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৪৯ এএম

সংগৃহীত

সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহত আমিনুর রহমান গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আকসেদ গাজীর ছেলে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা জেলেরা।

সহযোগী জেলেদের দাবি, তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের ডাক দেয়। তবে তারা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান সঙ্গীরা।

ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সুন্দরবনের ভেতরে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী সেখানে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, বন বিভাগের ডিএফও সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় নিহত জেলে আমিনুর রহমানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top