চট্টগ্রামের প্রধান সড়কে আন্দোলনে পুলিশের নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:২১ পিএম
চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৮ মে) সকালে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ জারি করেন।
এতে আরও উল্লেখ করা হয়, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্ধারিত ওই এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল বা সভা-সমাবেশ করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
