রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:৪৬ পিএম
রাজশাহীতে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা ও নির্বাচন দাবিকে কেন্দ্র করে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন জেলার যাত্রী পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকালে হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, সড়ক পরিবহন শ্রমিকদের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে ঘিরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, তাদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান পরিচালনা পরিষদ বিলুপ্ত করে আপাতত একটি আহ্বায়ক বা অস্থায়ী কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের দাবিও তোলেন।
শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আহ্বায়ক বা অস্থায়ী কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে তারা পুনরায় পরিবহন চলাচল শুরু করবেন।
এদিকে হঠাৎ পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহীর বিভিন্ন কাউন্টারে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও চরম দুর্ভোগ দেখা গেছে। অনেকে জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে না পেরে বিপাকে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় নজরদারি অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও সূত্র জানিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
