চুয়াডাঙ্গায় ভ্যান চুরির সন্দেহে যুবককে পিটিয়ে ও গরম পানি ঢেলে হত্যা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৪:৪০ পিএম

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগকে কেন্দ্র করে দুদু (২২) নামের এক যুবককে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যার আগে তার শরীরে গরম পানি ঢেলে অমানবিক নির্যাতন চালানো হয়।

গত ১৭ মে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার এক সন্তানের বয়স মাত্র চার মাস।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তরের একটি ভ্যান চুরি হয়। এ ঘটনায় তারা দুদুকে সন্দেহ করতে থাকে। এরপর ১৭ মে সকালে খবির, সুমন, আশিক, বায়োজিদ, রফিক, শাকিলসহ কয়েকজন দুদুর বাড়িতে তাকে খুঁজতে যায়। তাকে না পেয়ে তারা তার মাকে হুমকি দিয়ে বলে যায়, যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে।

অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সংঘবদ্ধভাবে দুদুকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার নাকে গরম পানি ঢেলে নির্মম নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাউসপুর এলাকার শরিফুলের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা মরদেহটি চিকিৎসাকেন্দ্র থেকে নিয়ে হাউসপুর বটতলায় ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top