মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৪২ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার গভীর রাতে সদর উপজেলার আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন ইতালি প্রবাসীর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার পরিবার নিয়ে ওই বাসায় যান।

পরে গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়েই পুলিশ সেখানে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে মিষ্টি বাড়ৈকে নজরদারিতে রাখা হয়েছে।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top