আজ ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৩৫ পিএম
ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক লিপিয়া খাতুন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময় ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এলাকার পুরো অংশ এবং ধামরাইয়ের ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল সড়ক, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটাসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:
