কুড়িগ্রামে বিশেষপরিচ্ছন্নতা অভিযান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৬ মে) দুপুরে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা না দিলেও বর্ষা মৌসুম সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন ও ছাত্রনেতা আমিমুল ইহসানসহ অনেকে।

পরে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই আগাম সতর্কতা ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।



বিষয়:



Top