অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:২৮ পিএম

সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত পাঠিয়েছে। শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে ফেরত দেওয়া হয়। একই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়েও আরও ১০ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। পরে তাদের হালুয়াঘাট ও নালিতাবাড়ী থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান।

পুলিশ জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকায়। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top