১৮ দিনে দৌড়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চার তরুণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৮ এএম

সংগৃহীত

দেশের এক প্রান্ত টেকনাফ থেকে আরেক প্রান্ত তেঁতুলিয়া পর্যন্ত দৌড়ে পাড়ি দিয়েছেন চার তরুণ। বিভিন্ন ম্যারাথনে অংশ নিতে গিয়ে গড়ে ওঠা বন্ধুত্ব থেকেই এই ব্যতিক্রমী অভিযাত্রার সূচনা হয়।

অভিযানে অংশ নেন নোয়াখালীর আসিফুল হক, টাঙ্গাইলের এহসানুল হক ও পঞ্চগড়ের আসিফ আকবর। পুরো পথজুড়ে সাইকেলে তাঁদের সঙ্গে ছিলেন কক্সবাজারের মো. আবদুল্লাহ।

তাঁদের এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি সংরক্ষণ, নারীশিক্ষা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করা। দলনেতা আসিফুল হক জানান, ২০২৫ সাল থেকেই এই অভিযানের পরিকল্পনা শুরু হয় এবং দীর্ঘ প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা দুই মাস ধরে রানিং, সাইক্লিং ও সাঁতারের অনুশীলন করেন।

অর্থসংকট এই অভিযানের বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান অংশগ্রহণকারীরা। পরে স্থানীয়দের সহযোগিতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপ পাওয়ার পর ২১ এপ্রিল ভোরে যাত্রা শুরু হয়। টাইটেল স্পনসর হিসেবে ছিল অপসোনিন ফার্মা লিমিটেড।

দীর্ঘ পথচলায় তীব্র গরম, ঝড়-বৃষ্টি ও রাতের নির্জন মহাসড়কসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। তবে স্থানীয় মানুষ পানি, ফল ও করতালির মাধ্যমে তাঁদের উৎসাহ দেন। পথে অনেক তরুণও কিছু দূর তাঁদের সঙ্গে দৌড়ে অংশ নেন।

আসিফুল হক জানান, পুরো যাত্রাটি ছিল একই সঙ্গে অ্যাডভেঞ্চার ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা। তিনি আরও বলেন, এর আগে ‘বাংলাদেশের আয়রনম্যান’ হিসেবে পরিচিত মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০ দিনে এই পথ পাড়ি দিয়েছিলেন, আর তাঁরা ১৮ দিনে শেষ করে সেই রেকর্ড ভাঙার চেষ্টা করেন।

তাঁদের মতে, সবচেয়ে কঠিন অংশ ছিল যমুনা নদী পার হওয়া। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার স্রোতের মধ্যে সাঁতরে পার হওয়াটাই ছিল সবচেয়ে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top