তিস্তার স্রোতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নিখোঁজ, পরে দুই ভাইয়ের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:২২ এএম

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে খেলাধুলা শেষে গোসল করতে নেমে তারা স্রোতের টানে তলিয়ে যান।

নিহতরা হলেন সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুজনই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং রাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষে প্রথমে ছোট ভাই স্বচ্ছ আহমেদ নদীতে গোসল করতে নামে। এ সময় তিস্তার প্রবল স্রোতের টানে সে তলিয়ে যেতে থাকে। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই সিফাত আহমেদ সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু শক্তিশালী স্রোতের কারণে দুই ভাইই আর তীরে ফিরতে পারেনি এবং মুহূর্তেই পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়। তিস্তার প্রবল স্রোতে একসঙ্গে দুটি প্রাণ ঝরে গেল।

রাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডাবলু অধিকারী জানান, দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে পরিবারে চলছে আহাজারি।

 

‎​লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



বিষয়:



Top