নিখোঁজ শিশু হুমায়রা হয়নি উদ্ধার, এক লাখ টাকা পুরস্কার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩২ পিএম
রাজশাহীর দুর্গাপুরে ৪ বছর বয়সী শিশু হুমায়রা জান্নাত নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর ব্যাপক তল্লাশি চালালেও কোনো অগ্রগতি হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে হাটকানপাড়া বাজার এলাকার নিজ বাড়ির পাশে খেলতে বের হয় হুমায়রা। তখন তার সঙ্গে একই বয়সী আরও কয়েকজন শিশু খেলছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে শিশুটিকে খুঁজে দিতে পারলে বা তার সন্ধান দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় পরিবার।
হুমায়রার দাদা ইসমাইল হোসেন জানান, “এত সময় পার হলেও আমার নাতনির কোনো খোঁজ পাইনি। কেউ যদি তাকে ফিরিয়ে দিতে পারে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।”
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। রাতভর বাড়ির আশপাশের পুকুর, বাগান ও জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হয়েছে।
তিনি বলেন, এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি অপহরণের ঘটনা কি না। কারণ, এখন পর্যন্ত কোনো মুক্তিপণ বা যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের পাশাপাশি শিশুটির খেলার সাথীদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানান তিনি।
শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমে অনুসন্ধান চালাচ্ছেন।
বিষয়:
