তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নদীর স্রোতে তলিয়ে প্রাণ হারায়। নিহতরা হলেন রাজপুর ইউনিয়নের মারাইরহাট গ্রামের রেজাউল ইসলামের বড় ছেলে শিফাত (১৮) ও ছোট ছেলে স্বচ্ছ (১৪)।

একসঙ্গে দুই সন্তানের এমন অকাল মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই ভাই তিস্তা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় ভাই শিফাত তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু প্রবল স্রোতের কারণে শেষ পর্যন্ত দুই ভাইই নিখোঁজ হয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।



বিষয়:



Top