স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্যত্র বিয়ের ঘটনায় ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় এক ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।

গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম রাহুল যাদব (৩২)। তিনি বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার ছেলে। তিনি বিভিন্ন ধরনের ডালের আমদানি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্বজনদের বরাতে জানা যায়, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে কয়েক মাস আগে ৮ বছর বয়সী কন্যাসন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকেই তিনি গভীর মানসিক সংকটে ভুগছিলেন।

ঘটনার দিন সকালে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, নিজের জীবন শেষ করে দেওয়ার ইচ্ছে হচ্ছে, ভালো লাগছে না, সবার প্রতি বিদায় জানাচ্ছি, এবং তার সন্তানের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান।

এরপর দুপুরের দিকে নিজ বাড়িতে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এক উপপরিদর্শক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top