মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ২ বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৩২ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শুক্রবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিনে স্বামী ও দুই বছর বয়সী কন্যা ইয়াসাকে নিয়ে ভাটিয়ারী এলাকার একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। মেলা শেষে রাতে মোটরসাইকেলে করে তারা বাড়ির দিকে ফিরছিলেন। পথে শিশুটিকে বাবা-মায়ের মাঝখানে বসানো ছিল।
একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে মা তারিন আক্তারও সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, তারিন আক্তার অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
বার আউলিয়া মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।
এনএফ৭১/একে
বিষয়:
