প্রেমের টানে পিরোজপুরে চীনা যুবক, ফিরতে হলো বিয়ে না করেই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
মোবাইল অ্যাপে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩০ বছর বয়সী এক যুবক। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে। ঘটনাটি ঘিরে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবা এবং চীনা নাগরিক লিয়নের পরিচয় হয় একটি ভাষা শেখার মোবাইল অ্যাপে। পরে তাদের যোগাযোগ ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে গড়ায় এবং সম্পর্ক প্রেমে রূপ নেয়।
তুবা জানান, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে লিয়ন সত্যিই বাংলাদেশে আসবেন। তিনি বলেন, তিনি ঠিকানা চাইলে ভেবেছিলেন এটি আর বাস্তব হবে না। কিন্তু অবশেষে লিয়ন সত্যিই বাংলাদেশে চলে আসেন।
জানা যায়, চলতি মাসের ৮ মে তিনি ঢাকায় পৌঁছান। পরে ১৪ মে নাজিরপুর বাসস্ট্যান্ডে এলে তুবার পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। বিদেশি অতিথিকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড়ও জমে যায়।
তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ফোনে যোগাযোগের পরই তিনি সরাসরি বাড়িতে চলে আসেন। পরে তাকে আপ্যায়ন করে ঢাকায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে স্থানীয়রাও ঘটনাটি ঘিরে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।
বিদায় নেওয়ার আগে লিয়ন জানান, তিনি তুবার জন্যই বাংলাদেশে এসেছিলেন। তবে প্রেমিকার বয়স কম থাকায় এখনই বিয়ে সম্ভব হয়নি। তিনি দুই বছর পর আবার বাংলাদেশে আসার কথা জানান এবং বলেন, ভবিষ্যতে সুযোগ হলে তাকে নিয়ে সংসার করতে চান।
এনএফ৭১/একে
বিষয়:
