আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি এলাকায় শনিবার (১৬ মে) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একাধিক বিদ্যুৎ বিতরণ সংস্থার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন তেত্রিশ কেভি লাইন নির্মাণ কাজের কারণে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তেত্রিশ কেভি ও এগারো কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার কাজ করা হবে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বাঘা জোনাল অফিস জানিয়েছে, বাঘা তেত্রিশ কেভি লাইনে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top