ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা, তদন্তের নির্দেশ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া খাতাগুলো ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাঠে খাতাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটাহাঁটির সময় শহীদ মিনারের পাশে একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। প্রতিটি খাতায় পরীক্ষার্থীদের লেখা উত্তর ছিল। বিষয়টি জানাজানি হলে দ্রুত এলাকায় ভিড় জমে যায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা সারা বছর পরিশ্রম করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি এভাবে রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা কার ওপর আস্থা রাখব।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার খাতা এভাবে মাঠে পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। এগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কীভাবে এমন গুরুত্বপূর্ণ কাগজ বাইরে চলে এলো, তা তদন্ত হওয়া উচিত।

কয়েকজন পরীক্ষার্থী বলেন, তারা সারা বছর পরিশ্রম করে ভালো ফলাফলের আশায় পরীক্ষা দেয়। কিন্তু খাতা এভাবে খোলা মাঠে পড়ে থাকতে দেখা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এতে তাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, তাদের উত্তরপত্র আদৌ নিরাপদভাবে সংরক্ষিত আছে কি না।

তারা আরও বলেন, পরীক্ষার খাতা যাদের দায়িত্বে থাকে তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এর আগেও একই এলাকায় অন্য পরীক্ষার খাতা পাওয়া গেছে। বারবার এমন ঘটনা ঘটলে দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্ট হয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে গত ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখা যায়। একের পর এক এমন ঘটনায় এলাকায় উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে খাতাগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কীভাবে এবং কার দায়িত্বে থাকা অবস্থায় এসব খাতা বাইরে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top