ট্রাম্প ও নেতানিয়াহুর পর এবার ভাইরাল নারায়ণগঞ্জের ‘মোদি মহিষ’
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
নারায়ণগঞ্জের একটি পশু খামারকে ঘিরে আলোচনার শেষ নেই। সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহু নামে পরিচিত দুটি মহিষ নিয়ে যখন এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল, তখন এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি অদ্ভুত চেহারার মহিষ, যার নাম রাখা হয়েছে ‘মোদি মহিষ’।
খামারে থাকা এই মহিষটি তার ব্যতিক্রমী চেহারার কারণে এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। বিরল ধরনের সাদা আভাযুক্ত শরীর এবং মুখের নিচে ঝুলে থাকা দীর্ঘ সাদা দাড়ি সহজেই দৃষ্টি আকর্ষণ করছে দর্শনার্থীদের।
স্থানীয় খামারে থাকা এই মহিষকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ দূর থেকে আবার কেউ কাছে গিয়ে মহিষটির ছবি ও ভিডিও ধারণ করছেন।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে এই মহিষের কোনো নির্দিষ্ট নাম ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দর্শকদের মধ্যে মজার আলোচনা শুরু হয়। অনেকেই এর দাড়ি ও মুখাবয়বের সঙ্গে ভারতের একজন শীর্ষ নেতার মিল খুঁজে পান। এরপর অনলাইনে মজার ছলেই ভোটের মাধ্যমে এর নাম রাখা হয় ‘মোদি’।
ঈদুল আজহাকে সামনে রেখে এমন ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন খামারিরা। তাদের মতে, আগে যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু নামে দুটি মহিষ আলোচনায় ছিল, এখন সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে ‘মোদি মহিষ’।
এর আগে শহরের পাইকপাড়া এলাকায় একটি খামারে ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। পরে আবার নেতানিয়াহু নামে আরেকটি মহিষ ঘিরেও কৌতূহল ছড়িয়ে পড়ে।
সব মিলিয়ে ঈদের আগে পশু নিয়ে এমন ভিন্নধর্মী নামকরণ ও চেহারার আলোচনা এখন স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এনএফ৭১/একে
বিষয়:
