গ্যাসের লিকেজে বিস্ফোরণ, একে একে নিভে গেল একই পরিবারের ৫ প্রাণ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:৪১ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। গত সোমবার থেকে শুক্রবারের মধ্যে একে একে বাবা, মা ও তিন সন্তান সবাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা সালমা আক্তার (৩২)।
হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত সোমবার পরিবারের প্রধান আবুল কালাম (৩৫) মারা যান। বুধবার মারা যায় ছোট মেয়ে কথা (৪)। বৃহস্পতিবার সকালে বড় ছেলে মুন্না (১২) এবং একই দিনে দুপুরে মেজ মেয়ে মুন্নি (৭) মৃত্যুবরণ করে। শেষ পর্যন্ত শুক্রবার সকালে মারা যান মা সালমা আক্তার।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সালমা আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং মুন্নির শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ ছিল। শুরু থেকেই তাদের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
গত রোববার ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনের লিকেজের কারণে রাতে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। ভোরে রান্নার চুলা জ্বালানো বা বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গেই বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হন।
নিহত আবুল কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়। জীবিকার তাগিদে তারা নারায়ণগঞ্জের ওই ভাড়া বাসায় বসবাস করতেন।
এনএফ৭১/একে
বিষয়:
