প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় পলাতক শ্রমিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:০১ এএম

সংগৃহীত

ফেনী সদরের শর্শদীতে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩২) ফেনী সদর উপজেলার শর্শদীর ছোসনা এলাকার বাসিন্দা। তিনি পেশায় নির্মাণশ্রমিক।

পিবিআই সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে হত্যা করে মরদেহ বালুর নিচে পুঁতে রাখার অভিযোগ ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বুধবার দাফন সম্পন্ন করে।

নিহত শিরিন আক্তার স্থানীয় সৌদি প্রবাসী মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে মানিক মিয়া সৌদি আরবে অবস্থান করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পরিবারটি ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি নিজেদের জমিতে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করে। ওই নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন সাইফুল ইসলাম।

ঘটনার দিন বিকেলে নিহতের ছোট ছেলে আরজু তার মাকে খুঁজতে গিয়ে নির্মাণাধীন বাড়িতে সাইফুলকে একটি কক্ষে বালু সরাতে দেখেন। পরে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বালুর স্তূপের নিচে শিরিন আক্তারের মরদেহ দেখতে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির কাজ দেখতে গিয়ে হত্যার শিকার হন শিরিন আক্তার। ঘটনার পর থেকেই সাইফুল পলাতক ছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর জানান, নিহতের ছেলে আরিয়ান আরজু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top