শ্রীপুরে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৫৪ পিএম
গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকায় মরদেহটি পাওয়া যায়।
নিহত আসিফ স্থানীয় হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। পরিবার জানায়, দেড় মাস ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে পরিবারের সঙ্গে খাবার খেয়ে বিকেলে অটোরিকশা নিয়ে বের হন আসিফ। যাওয়ার সময় সন্তানের জন্য দুধ এবং স্ত্রী ও মায়ের জন্য কাপড় আনার কথা বলেছিলেন। তবে রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি।
পরে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। রাতের দিকে ফোন বন্ধ পাওয়া গেলে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
বৃহস্পতিবার সকালে আসিফের শ্যালক জিসান গজারী বনের ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছ থেকে নারীদের স্পঞ্জ স্যান্ডেল, পুরুষের দুই জোড়া স্যান্ডেল, একটি ক্যাপ ও হলুদ রঙের ওড়না উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের ডান হাতে কামড়ের দাগ পাওয়া গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ শ্রীপুর থানা পুলিশের সদস্যরা। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ।
এনএফ৭১/ওতু
বিষয়:
