টাঙ্গাইলে ‘মেয়ে থেকে ছেলে’ পরিচয় বদল,এলাকায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৫৩ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীর ছেলে হিসেবে পরিচয় পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকেও তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার ১৪ বছর বয়সী সন্তান নূরমী আক্তার স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় অধ্যয়ন করতেন।
পরিবারের দাবি, গত রমজান মাস থেকে নূরমী নিজের শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করে। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না পেলেও সম্প্রতি পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করেন। এরপর তাকে ছেলে হিসেবে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার এবং নতুন নাম রাখা হয় নূর নবী। একইসঙ্গে তার চুল কেটে ছেলেদের পোশাকও পরানো হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ তাকে একনজর দেখতে বাড়িতে আসতে শুরু করেন। স্থানীয়দের অনেকে বলছেন, এমন ঘটনা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শুনলেও বাস্তবে এই প্রথম দেখছেন।
নূর নবীর চাচা সোলাইমান খলিফা জানান, পরিবারে আগে ধারাবাহিকভাবে তিন কন্যাসন্তান জন্ম হয়েছিল। তাই এই পরিবর্তনকে তারা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, জন্মগত হরমোনজনিত বা ক্রোমোজোমগত কারণেও এ ধরনের শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে।
ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
