গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে বিপাকে যুবক, ঢামেকে ভর্তি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:২৩ পিএম
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সোহাগ ফকির (৩৬) নামের এক যুবক। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স-মিলের পাশে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার কাছে থাকা প্যাকেট থেকে ১৯টি ইয়াবা গিলে ফেলে। একই সময় তার দেহ তল্লাশি করে আরও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা পুলিশের অফিসে নেওয়া হয় এবং পরে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার এড়াতেই তিনি ইয়াবা গিলে ফেলেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
